রাজশাহী কলেজে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁব মননশীল ও সৃষ্টিশীল কর্মের দ্বারা বিশ্বমানবতার মলিনতা ও দীনতা ঘুচিয়ে শুচিশুভ্র বিশ্ববোধ জাগ্রত করেছেন। অপর দিকে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি বাঙালি জাতীয়তাবাদ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁদের বিচিত্র সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে। গতকাল ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিবস উদ্যাপন উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে শুরু হয়ে কলেজ মাঠ প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্য আলোচক নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক- প্রফেসর মো: ইকবাল হোসেন,  বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। শোভাযাত্রা শেষে সকাল ১০.৩০ মিনিটে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শিখা সরকার, অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী। অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মো. আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক, আরবি  ও ইসলাম শিক্ষা, পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর সাগর কুমার মণ্ডল, বিভাগীয় প্রধান, সংস্কৃত বিভাগ। বিশ্ব কবিকে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট