সম্পাদকীয়

গোপালগঞ্জে তাণ্ডব : উসকানিতে পা দেয়া যাবে না

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে যেভাবে প্রকাশ্যে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। গত রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সড়কে তাদের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করে, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। শুধু তা-ই নয়, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি সামাল দিতে সরকার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করেছে। নতুন ডিসি ও এসপি নিয়োগের পাশাপাশি তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) পরিবর্তন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। প্রশাসনিকভাবে এসব পদক্ষেপের প্রয়োজন আছে। কিন্তু, শুধু কর্মকর্তা বদলি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়িয়ে কি এ ধরনের পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব? গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে সরকার দলের নির্বাচিত এমপিদের ভূমিকাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপুল ভোটে নির্বাচিত হয়ে তাঁরা জনগণের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছেন। অথচ, এমন একটি সময়ে তাঁদের দৃশ্যমান রাজনৈতিক ও সামাজিক ভূমিকা দেখা যাচ্ছে না। তাঁরা কেন নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে কথা বলছেন না, কেন দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছেন না? একই সঙ্গে তাঁদের এবং তাঁদের অনুসারীদের একাংশের বিরুদ্ধে মামলাবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও হয়রানির অভিযোগের কথাও শোনা যায়, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। দোষী সাভ্যস্ত হলে সরকার ও ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের এ বিষয়ে কঠোর পদক্ষে নিতে হবে। গোপালগঞ্জের সহিংসতার পাশাপাশি তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাও সরকার ও দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এ খাতের সঙ্গে জড়িত। অথচ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। ইতোমধ্যে মজুরি বোর্ড তার কার্যক্রম শুরু করেছে। মালিকপক্ষও শ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণের প্রয়োজনীয়তা অস্বীকার করছে না। অর্থাৎ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পথে রয়েছে। তাহলে আলোচনার এই প্রক্রিয়ার মধ্যেও কেন ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও কারখানায় হামলার ঘটনা ঘটছে? কেন একের পর এক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে হচ্ছে? গোয়েন্দা সূত্রের বরাতে কয়েকজন সাবেক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীর নাম সামনে এসেছে। তাঁদের বিরুদ্ধে আন্দোলনে অর্থায়ন ও উসকানি দেওয়ার অভিযোগও এসেছে। সঠিক তদন্তের মাধ্যমে এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ, কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন শ্রমিকরাই। বিদেশি ক্রেতারা বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুললে নতুন ক্রয়াদেশ কমে যাবে, রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে এবং লোকসানের কারণে কারখানা বন্ধ হবে। এতে হাজার হাজার শ্রমিক তাদের কর্মসংস্থান হারাবেন। এ অবস্থায় সরকার, মালিক ও শ্রমিক— তিন পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। দেশের এই সংকট মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়। বিরোধী জোটেরও উচিত সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা এবং রাজনৈতিক মতপার্থক্যকে জাতীয় স্থিতিশীলতার পথে বাধা হতে না দেওয়া। কোনো পক্ষেরই ‘দেখি কী হয়’ মনোভাব নিয়ে বসে থাকার অবকাশ নেই। মনে রাখতে হবে, দেশের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হলে তার মাশুল কোনো একক দলকে নয়, গোটা জাতিকে দিতে হবে। গোপালগঞ্জের সহিংসতা কিংবা পোশাকশিল্পের অস্থিরতা— কোনোটিকেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। রাজনৈতিক প্রজ্ঞা, আইনের শাসন, সামাজিক ঐক্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পতিত আওয়ামী লীগ ও ভারতের এই চক্রান্তকে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থতার কোনো সুযোগ নেই। সরকারিসেবা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট