পোরশায় খাদ্য গুদামের সড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন ওঠানামা, দুর্ঘটনার আশঙ্কা!
পোরশা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম থেকে মেইন সড়কে ওঠানামার পথটি উঁচু হওয়ায় যানবাহন চলাচলে চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিশেষ করে খাদ্যশস্য পরিবহনকারী ভারী ট্রাক গুদাম থেকে মেইন সড়কে ওঠার সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, নিতপুর খাদ্য গুদামে প্রতিদিন ধান-চালসহ বিভিন্ন খাদ্যশস্য আনা-নেওয়ার জন্য ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে। কিন্তু খাদ্য গুদাম থেকে মেইন সড়কে ওঠার জায়গাটি অনেক উঁচু হওয়ায় যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে।
বিশেষ করে ভারী ট্রাক গুদাম থেকে মেইন সড়কে ওঠার সময় গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে সড়কে ওঠা কঠিন হয়ে পড়ে। এ সময় মেইন সড়ক দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এতে ট্রাকচালক, পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “খাদ্য গুদাম থেকে মেইন সড়কে ওঠার জায়গাটি অনেক উঁচু। ট্রাক ওঠানামার সময় খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এখানে প্রতিদিন মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়দের দাবি, খাদ্য গুদাম থেকে মেইন সড়কে ওঠার উঁচু অংশটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি ভারী যানবাহন নিরাপদে ওঠানামার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) জাকির হোসেন ভূঁইয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি কিছুদিন হলো ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। আমার আগে আরও একজন দায়িত্বে ছিলেন। রাস্তার বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত খাদ্য গুদাম থেকে মেইন সড়কে ওঠার উঁচু অংশটি সংস্কার ও যানবাহন চলাচলের নিরাপদ ব্যবস্থা করবে।
