পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। গত মঙ্গলবার, ১৭ নভেম্বর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার মধ্য দিয়ে সুদীর্ঘ এক স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ। এই বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ তার উন্নয়নের পরিকল্পনা ও ধারাবাহিকতা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। পাকিস্তান আমলে ১৯৬১-৬২ সালে তৎকালীন পাকিস্তান সরকার পাবনার ঈশ্বরদীতে ২৬১ একর জমি অধিগ্রহণের মধ্য দিয়ে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। এরপর রাজনৈতিক অস্থিতিশীলতা ও মুক্তিযুদ্ধের কারণে এই প্রকল্পের বাস্তবায়ন থেমে গেলেও ২০১০-১১ সালে রাশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বে নতুন উদ্যমে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। তবে শেখ হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি এবং অস্বাভাবিক উচ্চ ব্যয়ের কারণে প্রকল্প নিয়ে কিছুটা ধোঁয়াশা দেখা দেয়। শেখ হাসিনার শেষ সময় পর্যন্ত এই প্রকল্প নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল। ভারতীয় আধিপত্যবাদের ছত্রছায়ায় থাকা সরকারের আমলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো অত্যন্ত স্পর্শকাতর প্রকল্প শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, এই সংশয় ছিল। অন্তর্বর্তী সরকার এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের লক্ষকোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে সদিচ্ছার প্রতিফলন ঘটাতে সচেষ্ট ছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১৭ নভেম্বর জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে এই প্রকল্পটি সাড়ে ৬ দশকের অগ্রযাত্রার নিদর্শন স্থাপন করল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এই আনুষ্ঠানিক অগ্রযাত্রা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনার নতুন মাইলফলক উন্মোচন করেছে। পরনির্ভরশীল প্রযুক্তি ও কাঁচামালনির্ভর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বহুমাত্রিক ঝুঁকির কারণ রয়েছে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ঝুঁকি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে প্রযুক্তিগত সিনক্রোনাইজেশন সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই প্রকল্প তার গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল। পর্যায়ক্রমে পুরো ইউনিটের সক্ষমতা ও দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন সক্ষমতার মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে। আমদানিনির্ভর ফসিল জ্বালানির ওপর অতি নির্ভরশীলতার কারণে অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকিসহ সারা বিশ্বই এখন চরম অস্থিতিশীলতায় পতিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঝুঁকি কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানিব্যবস্থার ওপর জোর দিচ্ছেন। বিশেষত সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি সামাজিক উদ্যোগে পরিণত করার সুফল পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে, নিজস্ব গ্যাস ও তেলক্ষেত্রগুলোর উন্নয়ন ও জ্বালানি আহরণের সম্ভাবনা কাজে লাগানোর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরনির্ভরতা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। আদানিসহ ভারতের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ প্রকল্পের ভারসাম্যহীন ব্যবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। বঙ্গোপসাগরের ব্লকগুলোতে অনুসন্ধান ও উৎপাদন শুরু করতে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সকে প্রযুক্তিগত, লজিস্টিক ও বিনিয়োগ সুবিধা দিয়ে শক্তিশালী করে তুলতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সক্ষমতার দোরগোড়ায় নিয়ে যাওয়াই এই সরকারের অন্যতম লক্ষ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদনের সাফল্য সেই সম্ভাবনার পথকেই সুগম করেছে। বিদ্যুৎকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার ওপর সর্বাধিক অগ্রাধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বাংলাদেশভ্রমণ
