রাজশাহীতে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ও ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মাহিম আহম্মেদ লিখনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন।
অন্যদিকে, নগরীর বোয়ালিয়া থানা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজনের মধ্যে একজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। পরে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অয়ন নামে একজনকে খুঁজে বের করেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এবং সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
