বরেন্দ্র অঞ্চলে আমন ধানের বাম্পার ফলনের আশা, কৃষকদের চোখে মুখে হাসির ঝিলিক
গোদাগাড়ী ও তানোর সংবাদদাতা
মাঠজুড়ে শুধু সবুজ আর সোনালী ধানের ক্ষেত। যে দিকেই দু, চোখ যায় শুধু সবুজের সমারোহ। ফসলের মাঠ যেন সোনালী আর সবুজের চাদরে ঢাকা। মাঠে মাঠে এখন পাকা সোনালী আমনের নজরকাড়া দুলনী। ধান কেটে লাগানো হবে সরিষা, গম, রাই, ছোলা মুসরী, জব সবজি, খিরাসহ নানা ধরনের শীতকালীন সবজি। অতিবৃষ্টি, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ইতোমধ্যে টমেটো, বেগুন, কপির চাষ করেছেন কৃষকগণ।
মাঠের পর মাঠজুড়ে সোনালী শিষে ভরা ছিল আমন ধানের ক্ষেত। সোনালী ধানের শীষের সাথে দুলেছিল কৃষকের স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে। খরা বিপর্যয়, বন্যা, অনাবৃষ্টির ধকল কাটিয়ে ঘাম ঝরা ফসল ঘরে তোলার সোনালী স্বপ্ন কৃষকের চোখে মুখে। কোথাও কোথাও দেখা যায় শীতের সোনামাখা রোদ্র গায়ে মেখে আগাম জাতের কাঁটা ও মাড়াইয়ে কৃষকের ব্যস্ততা। পাকা ধান মাড়াই করার পর ১১শ থেকে ১২ শ টাকা মন ধরে জমি থেকে ধান কিনে নিয়ে যাচ্ছে পাইকারগণ। ধানের ভাল দাম না পেয়ে কৃষকগণ দারুন হতাশ। মাঠ ভরা ধান দেখে কৃষক ও কৃষি কর্মকর্তাদের ভাষ্য এবার আমন ধানের বাম্পার ফলন হবে।
কৃষকরা বলছেন, এবার প্রাকৃতিক বিপর্যয়, সার বিদ্যুৎ সংকটের কারণে ধানের আবাদে অন্যান্য বছরের চেয়ে বেশী শ্রম দিতে হচ্ছে, বৃষ্টি হওয়ায় সেচ বাবদ খরচ কম হয়েছে। দিনের বেশীর ভাগ সময় কৃষকগণ নজর রাখছেন মাঠের পাকা ধানের উপর। সোনালী আর সবুজের সংমিশ্রণে ঘেরা আমন ধানের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়ায় পথিক। আর কিছু দিনের মধ্যেই সোনালী ধানে ভরবে কৃষকের মন। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূন্য কুঠি ও গোলা। পাশাপাশি কৃষকের মুখে ফুটে উঠবে হাসি।
জানা যায়, এবারে উপজেলার ৯ ইউনিয়নে ২ টি পৌর সভায় ২৪ হাজার ৯৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে বেশী পরিমান জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এসব এলাকার মাঠগুলোতে চাষকৃত আমন ধানের মধ্যে গুটি স্বর্ণা, লাল স্বর্ণা, সুমন স্বর্ণা, পাইজাম, জিরাসাইল, ব্রি-২৯ সহ উচ্চ ফলনশীল অনেক জাতের হাইব্রিড ধানেরও চাষ হয়ে থাকে। এর সাথে গত কয়েক বছর থেকে যোগ হয়েছে সু-ঘ্র্যাণের চিনিআতপ ধানের চাষ।
গোদাগাড়ী উপজেলার আদর্শ কৃষক আলহাজ্ব আব্দুল মাতিন ও আল মামুন জানান, বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর বেশি পরিমান জমিতে আমনের চাষ করেছেন। কিন্তু সে আশায় গুড়ে বালি, ধানের দাম নেই। আগাম জাতের পারিজা ধান কাটা মাড়াইয়ের কাজ শুরু হয়েছে বাস্পার ফলন হয়েছে। ১১/১২ টাকা মন ধরে ধান বিক্রি করা হয়েছে। ধান কেটে বেগুন, টমেটো, কপি, মূলা, মরিচ, শাক সবজি রোপন করা হয়েছে। গোদাগাড়ী পৌর সভার বর্গাদার কৃষক আতিউর রহমান আতি জানান, প্রাকৃতিক বৃষ্টিতেই এবার ৭ বিঘা জমিতে গুটি স্বর্ণা ধান চাষ করেছি ধানের বাম্পার ফলন আশা করছি।
বিএমডিএ সূত্র জানায়, উপজেলায় গভীর নলকূপ সরকারী ৫৩৬ টি মালিকানা ১৬ টি মোট ৫৫২ টি, অগভীর মটর বিদ্যুৎ চালিত ৪১১ টি, ডিজেল চালিত ৫০ টি এলএলপি (বিদ্যুৎ) ৩ টি, এলএলপি (ডিজেল চালিত) ৩৫০টি, সরকারী মোট সেচ যন্ত্র ১৩৬৬ টি ও মালিকানা ৮৩০ টি। সব মিলে সেচ যন্ত্র ২১৯৫টি। উপজেলায় আবাদ যোগ্য জমি আছে ২৩ হাজার ৯৯৩ হেক্টর, সেচের আওতায় ২২ হাজার ৩৩২ হেক্টর। উপ-সহকারি কৃষি কর্মকর্তা অতনু সরকার জানান, বিশেষ করে অধিক ফলেন জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার গোদাগাড়ী উপজেলার কোথাও পোকার আক্রমণ নেই।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ বলেন, ২০/২৫ পর ধান কাঁটা শুরু করবেন কৃষকগন বাস্পার ফলন আশা করচ্ছি, ধান কেঁটে ওই জমিতে গম,ভূট্টা, আল, ছোলা, মুসরী সরিষাসহ শাক সবজি রোপণ করবেন।
বরেন্দ্র অঞ্চল হিসেবে সুপরিচিত নাম তানোর উপজেলায় শুরু হয়েছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল রোপা আমন ধান কাটা ও মাড়াই। এবার একেক বিঘা জমিতে আমন ধানের ফলন হচ্ছে কাচিতে ৩৩/থেকে ৩৫ মন ও পাকিতে ১৮ থেকে ২০ মন করে। পাখি ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে উপজেলার মাঠে মাঠে রেপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। যেন দম ফেলার মতো সময় নেই কৃষক ও শ্রমিকদের মধ্যে। একদিকে আমন ধান কাটা হচ্ছে অন্যদিকে সেই জমি আলু রোপণের জন্য হাল চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফলে আমন ধান কাটার পাশাপাশি আলু রোপণের প্রস্তুতির জন্য কাজ করতে পেয়ে শ্রমিকরা ব্যাপক খুশি।
জানা গেছে, অন্যবছরের তুলনায় এবছর রোপা আমন রোপণের শুরু থেকে কৃষককে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়েছে। আমন চাষের ভরা মৌসুম আষাঢ় মাসেও ছিলনা তেমন আকাশের বৃষ্টির দেখা। যার জন্য সঠিক সময়ে আমন ধান রোপণ করতে পেরেছিলো না প্রায় কৃষকরা।কিন্তু অসময়ে হলেও আমন ধান চাষ করতে বাদ পড়েন নি কোন কৃষক। আর যাঁরা আমনের শুরুতে ডিপ মটারের পানি কিনে আমন ধান রোপণ করেছিলেন তাদের প্রায় জমির ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন তারা সেই জমিতে আলু রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ,চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২হাজার ৪৩৫ হেক্টর। কিন্তু অর্জন হয়েছে ২১হাজার ৩৯০ হেক্টর জমিতে আমন ধান চাষ।
কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, এবার আমন চাষে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে কৃষকদের কে। আমন চাষের শুরু থেকে পানির সমস্যা তো ছিলোই, তার সাথে পটাশ সারের ছিলো তীব্র সংকট। অনেকে পটাশ সার ছাড়াই আমন ধান চাষ করেছে। তার পরেও আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে আমন ধানের। ছাঐড় গ্রামের কৃষক আব্দুল বলেন,কৃষক যে পরিমান কষ্ট করে আমন ধান চাষ করেন কিন্তু ধানের দাম না থাকায় কষ্টের দামী উঠে না। সবকিছু দাম বাড়তি অথচ কয়েক বছর ধরে ধানের দামে ধস নেমে আছে।এভাবে চলতে থাকলে কৃষক ধান চাষ করাই ছেড়ে দিবে। কৃষকের পাশে থাকার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ জানান, রোপা আমনের এই একটি আবাদ কৃষকরা অল্প খরচে বেশি লাভবান হয়ে থাকেন। যদি কোন দূর্যোগ বালাই না হয় তাহলে আমনের ফলনও খুব ভালো হয়। কৃষকের আমন ধান চাষে কোন রোগ বালাই না হয় সেজন্য প্রথম থেকে প্রতিনিয়ত কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তাদের মাঠ পর্যায়ে থেকে তদারকি করা হয়েছে।
