রাজশাহীতে মধুমাসের আম পাড়া শুরু

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে মধুমাসের আম পাড়া শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গতকাল শুক্রবার চাষিরা প্রথম দফায় বাগান থেকে গুটি জাতের আম পাড়া শুরু করেছেন। বাগান থেকে আম পাড়ার পর গতকাল শুক্রবার রাজশাহীর বিভিন্ন বাজারে গুটিজাতের আম বিক্রি শুরু হয়েছে। এমন কি রাজশাহী নগরী সহ আশপাশের উপজেলাগুলোতে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে।

জানা গেছে, এবার মুলত বড় ঝড়ঝাপ্টা তেমন হয়নি। যার কারণে জেলা প্রশাসনের বেধে দেয়া সময়েই পরিপক্ক আম চাষিরা গাছ থেকে পাড়তে পারছেন। গতকাল প্রথম দিন কম সংখক চাষি ও ব্যবসায়ী আম পাড়েছেন। যদি অনেক ব্যবসায়ী বলছেন, এখনো কিছু কিছু গাছে গুটি জাতের আম পরিপক্ক হয়নি, আবার কিছু কিছু গাছের আম পেকে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে গুটি জাতের আমের সাথে অন্য জাতের আমও পাড়া শুরু হবে।

আম ব্যবসায়ীরা বলছেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি আম পাড়া শুরু হয়েছে। এখন অল্প আম পাড়া হচ্ছে। ধীরে ধীরে রাজশাহীর আম বাজারগুলো জমে উঠবে। তবে প্রথম দিন খুব বেশি আম কেউ গাছ থেকে পাড়েননি। এদিকে কৃষি বিভাগ বলছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে। বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট