রাজশাহীতে ৫ দিনে পদ্মার পানি কমেছে ২১ সেন্টিমিটার

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা ক্রমান্বয়ে কমছে। গত পাঁচ দিনের পর্যবেক্ষণে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানি ০.২১ মিটার (২১ সেন্টিমিটার) কমেছে। নদীর পানি এখন বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ১৭ দশমিক ০৯ মিটার রেকর্ড করা হয়েছে। যা বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটারের চেয়ে ৯৬ সেন্টিমিটার নিচে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক জানান, রাজশাহীর পয়েন্ট থেকে গত ৫ দিনের ব্যবধানে ২১ সেন্টিমিটার পানি কমেছে। গত ১৩ সেপ্টেম্বর পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩০ মিটার, ১৪ সেপ্টেম্বর ১৭ দশমিক ২৮ মিটার, ১৫ সেপ্টেম্বর ১৭ দশমিক ২৫ মিটার, ১৬ সেপ্টেম্বর ১৭ দশমিক ১৭ মিটার এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী পদ্মা নদীর পয়েন্ট থেকে ১৭ দশমিক ০৯ পয়েন্ট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। ফলে গত ৫ দিনে পানির উচ্চতা কমেছে ২১ সেন্টিমিটার। পাউবোর তথ্য অনুযায়ী, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮.০৫ মিটার (এমএসএল)। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ক্রমান্বয়ে পানি কমছে জানিয়ে তালাইমারি শহীদ মিনার এলাকার বাসিন্দা হাফিজ মিয়া বলেন, গত দুই-তিন দিন ধরে পানি অনেকটা কমেছে। তবে এখনো অনেক ঘরবাড়িতে পানি রয়েছে। এভাবে কমলে ঘরবাড়ি থেকে পানি নেমে যাবে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট