তানোরে জুয়া খেলা দেখে ফেলায় স্কুলছাত্রকে মারধর
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে মোবাইলে জুয়া খেলা দেখে ফেলায় দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেনকে ঘরে বন্ধি করে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি উপজেলার কলমা ইউনিয়ন ইউপির চন্দনকোঠা গ্রামে। সে মুকসেদের ছেলে। গত শনিবার চন্দনকোঠা গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে ঘটে মারপিটের ঘটনাটি। এঘটনায় গত শনিবার ছাত্রের পিতা বাদি হয়ে জুয়াড়ি চন্দনকোঠা গ্রামের মতিনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জুয়াড়ি মতিনের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন ছাত্রের পরিবার ও সহপাঠী সহ স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে ওই ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত শনিবার মোবাইলে জুয়া খেলছিল চন্দনকোঠা গ্রামের মতিন। জুয়া খেলার সময় হঠাৎ ওইদিক দিয়ে যাওয়ার সময় স্কুল ছাত্র জুবায়ের দেখে ফেলে। ওই সময় জুয়াড়ি মতিন ওই ছাত্র কে বেধে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরে বন্ধি করে ছাত্র জুবায়ের কে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এসময় ছাত্রের চিৎকারে পরিবারসহ আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ছাত্র জুবায়ের জানান, জুয়া খেলা দেখে নেয়ার কারনে আমাকে বন্ধি করে পেটানো হয়। আমার শরীরের বিভিন্ন জায়গা ক্ষত হয়েছে। তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালের দিকে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক কোন ছাড় দেয়া হবেনা।
