প্রথমবারের মতো রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান, উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরেন্দ্রভূমি রাজশাহীতে সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে একনজর স্বচক্ষে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরো রাজশাহীবাসী।

গতকাল রবিবার দুপুরে সফরস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে আসছেন। এই ঐতিহাসিক সফর বেছে নেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী নগরীতে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়ন কাজ পুরোদমে চলমান রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন প্রকল্প সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রার গতি আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহীর সার্বিক উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে মাহফুজুর রহমান রিটন বলেন, “বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”

প্রশাসক স্মরণ করিয়ে দেন যে, অতীতেও বিএনপি সরকারের আমলেই রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ মূল অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে পুনরায় সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা ও সার্বিক মঞ্চ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট