নগরীতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কমছে
স্টাফ রিপোর্টার:
শীতের আগাম সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজশাহী মহানগরীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কমতে শুরু করেছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই নগরীর প্রধান বাজারগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার বাজারগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সহনীয় দামে প্রয়োজনীয় শাক-সবজি কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
নগরীর সাহেববাজার সবজি পট্টি, শালবাগান সবজি বাজার, নিউ মার্কেট কাঁচাবাজার, লক্ষ্মীপুর সবজি বাজার, হড়গ্রাম (কোর্ট) সবজি বাজার, বিনোদপুর সবজি বাজার, নওদাপাড়া, কাজলা, তালাইমারী, রেলগেট, ভদ্রা, উপশহর, বর্ণালী মোড়, দাসপুকুর, বহরমপুর, বুধপাড়া ও মেহেরচণ্ডী সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দামই সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। বিশেষ করে আলু, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি ও বিভিন্ন ধরনের শাকের দাম বেশ কম থাকায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
নগরীর বাজারগুলোতে প্রতি কেজি হল্যান্ড আলু বিক্রি হচ্ছে ১৮ টাকায় এবং দেশি বা স্থানীয় লাল আলু পাওয়া যাচ্ছে ৩৫ টাকা কেজি দরে। কাঁচা পেঁপে ১৫ টাকা কেজি। এছাড়া মুলা, বাঁধাকপি, ধুন্দল ও পুঁইশাক বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।
শীতকালীন সবজি ফুলকপি, পটল এবং লালশাক পাওয়া যাচ্ছে ২৫ টাকা কেজিতে, আর পালংশাক বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। অন্যদিকে, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, কাকরোল, বরবটি এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। বেগুন, শসা (খিরা), কচুরলতি এবং সিমের কেজি প্রতি দর রয়েছে ৫০ টাকা। এছাড়া প্রতি পিস লাউ ও চালকুমড়া ৪০ টাকায় এবং প্রতি হালি (৪টি) কাঁচকলা ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
নগরীর বিভিন্ন বাজারে বাজার করতে আসা ক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় আজকের বাজারে সবজির দাম অনেকটাই স্থিতিশীল ও কম। কম দামে টাটকা সবজি কিনতে পারায় ব্যাগ ভরে বাজার করতে পারছেন তারা। পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকায় এবং সর্বত্র একই রকম দাম বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা।
অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে স্থানীয় পর্যায়ে শীতকালীন আগাম সবজির উৎপাদন ভালো হওয়ায় নগরীর প্রতিটি বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম ক্রেতাদের নাগালে রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও পুরো নগরীর সবজির বাজার এমন ক্রেতাবান্ধব থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
