নগরীতে অনলাইন জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। পাশাপাশি জুয়ার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে নগরীর হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হরিপুর তেল পাম্পের সামনের এলাকার নাইমুর রহমান (৩২), হরিপুর বনপাড়া গ্রামের বাবুল আক্তার ওরফে সোহাগ (২৭) এবং হরিপুর খড়িয়ারধার গ্রামের জোবাইদ চৌধুরী ওরফে ফাহিম (২২)।

নগরীর দামকুড়া থানা পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হরিপুর পেট্রোল পাম্পের পেছনের এলাকার আবু সাইদ সজিব ওরফে সবুজ (২৪) পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা তিনটি মোবাইল ফোন তল্লাশি করে দুটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত মোট ১৪টি অ্যাপ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামি আবু সাইদ সজিব ওরফে সবুজকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট