মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত রাত ৩টায় রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালায়।  অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মো. মুকুল ওরফে কালুকে (৪০) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) নামে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তিনি জব্দ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলেও স্বীকার করেন। এ ঘটনায় গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট