মানসম্মত শিক্ষার বিকল্প নেই: এমপি মোস্তাফিজুর
সাপাহার প্রতিনিধি
আগামী দিনে দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে মানসম্মত শিক্ষা প্রদান এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে।
গতকাল শনিবার নওগাঁর সাপাহার উপজেলার ওড়নপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান (প্রবাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, আব্দুর রহমান কল্লোল সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
