বড়াইগ্রামে ৮ জন জুয়াড়ি আটক
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আমবাগানের ভেতরের একটি ঘর থেকে জুয়া খেলার সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির এক নেতাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের গোয়ালফা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন রয়েছেন। আটককৃতরা অন্যরা হলেন—আব্দুল মালেক, সুমন হোসেন, রবিউল করিম, বেলাল হোসেন, ঠান্টু, কামাল হোসেন ও সারোয়ার হোসেন।
বড়াইগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে গোয়ালফা এলাকায় বিএনপি নেতা কামালের আমবাগানের ভেতরে অবস্থিত একটি ব্যক্তিগত ঘরে জুয়ার আসর বসানো হয়েছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার বোর্ডে বসে খেলা অবস্থায় হাতে-নাতে ৮ জনকে আটক করা হয়।
অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার টাকা এবং জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
