নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি সিএনবি মোড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসান, যুবদল নেতা শুভ এবং বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আক্কাস আলীসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় পথসভায় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসান বলেন, “দেশবিরোধী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার ও ঐক্যবদ্ধ। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রাজপথে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। মিছিলকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পথসভায় নেতাকর্মীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট