সারা রাত লাইনে থেকেও মিলছে না! বাগমারায় সারের তীব্র সংকট, বিপদে কৃষক  

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারায় রবি শস্য চাষের শুরুতেই রাসায়নিক সারের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় সার না পেয়ে সময়মতো বীজ বুনতে পারছেন না কৃষকরা। তাতে প্রস্তুত করা জমি নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি চলতি মৌসুমে রবি শস্যের আবাদ ব্যাহত হওয়ার দুশ্চিন্তায় পড়েছেন তারা। সার নিতে গিয়ে সারা রাত্রি লাইনে দাঁড়িয়ে মিলছে না সার। বাধ্য হয়ে কেউ কেউ খুচরা বাজার থেকে চড়া দামে রাসায়নিক সার কিনছেন। দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার সরকারি দাবি ও মাঠপর্যায়ে সংকটের বাস্তব চিত্র নিয়ে কৃষকরা নানা ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন। কৃষি মন্ত্রণালয় ও প্রশাসনের দাবি অনুযায়ী দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বাগমারা ও তার আশেপাশে উপজেলায় কৃষকরা সময়মতো ডিলার পয়েন্টে সার না পাওয়ার অভিযোগ করছেন। বরেন্দ্র অঞ্চল নামে খ্যাত রাজশাহীর বাগমারা ও তার পার্শ্ববতি এলাকায় রবি শস্য চাষের প্রস্তুতি নিতে কৃষকরা মাঠে ফিরছেন। কিন্তু ঠিক তখনই দেখা দিয়েছে সারের চরম সংকট দেখা দিয়েছে। জমি চাষ ও বীজতলা প্রস্তুত করতে শ্রম ও অর্থ ব্যয় করেও প্রয়োজনীয় সার না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

সরেজমিনে উপজেলার বালানগর, মোহম্মাদপুর, দেউলিয়া, নন্দনপুর, কাচারিকোয়ালীপাড়া, বালিয়া, ঝিকরা, দরগামাড়িয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় এবার বিলের পানি আগে নেমে যাওয়ায় অধিকাংশ জমি চাষ উপযোগী হয়েছে।

এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা দ্রুত জমি চাষ করে সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টা, কালাইসহ বিভিন্ন রবি শস্য আবাদের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তবে জমি প্রস্তুত করেও প্রয়োজনীয় রাসায়নিক সার না পাওয়ায় বীজ বপন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। উপজেলার বালানগর গ্রামের আব্দুল মান্নান (৫৬) বলেন, এবার পানি দ্রুত নেমে যাওয়ায় জমি জেগে উঠেছে। হালচাষ করে চার দিন ধরে জমি বীজ বপনের উপযোগী করে রেখেছি। কিন্তু কোথাও সার পাচ্ছি না। এভাবে চলতে থাকলে সারের অভাবে প্রস্তুত করা জমি নষ্ট হয়ে যাবে। একইভাবে এলাকার কৃষক আলতাফ হোসেন (৪৮) দুঃখ প্রকাশ করেন, তার ২ বিঘা জমি সরিষাচাষের জন্য ডিএপি সার প্রয়োজন। গত বৃহস্পতিবার নিজ ইউনিয়নের ডিলারের কাছে সার নিতে গেলেও পাননি। ডিলার তাকে আরও কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন।

গ্রামের কৃষক ময়েন উদ্দিন (৪৫) জানান, ‘ভুট্টা চাষের জন্য জমি প্রস্তুত করেছি। তবে সারের অভাবে বীজ বপন করতে পারছি না। প্রতি বিঘা জমিতে যেখানে ৪০-৪৫ কেজি সার প্রয়োজন, সেখানে ডিলাররা ১ বস্তা করে সার নিতে বলছেন। তাতে করে তার সারের চাহিদার সামান্যতম পুরন হবে না। একই ভাবে কৃষক কাজেম আলী, সাবুল উদ্দিন. চয়েন উদ্দিনসহ কয়েকজন বলেন, চাহিদার তুলনায় সার খুবই নগণ্য। এমন সংকট চলমান থাকলে চাষাবাদে বড় ধরনের সমস্যায় পড়তে হবে আমাদের। মাড়িয়া ইউনিয়নের কাসেম আলী (৪০) ক্ষোভ প্রকাশ করেন, সপ্তাখানেক আগে জমি প্রস্তুত করে রেখেছি। কিন্তু কোন সার তিনি পাননি। সার পাওয়ার জন্য বারবার ডিলারদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা সার দিতে পারছেন না। তিনি বলেন, ডিলাররা জানিয়েছেন, পরিমিত সার বরাদ্দ নেই। যা ছিল তা দেয়া হয়ে গেছে। আগামী সপ্তাহে সার পাওয়া যেতে পারে। ফলে প্রয়োজনীয় সার না থাকায় সময়মতো রবি শস্যের বীজ বপন করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

 উপজেলা কৃষিকর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কৃষকেরা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সার ব্যবহার করছেন। প্রতি বিঘা জমিতে ১৫ কেজি ফসফেট সার ব্যবহারের নিয়ম থাকলেও কৃষকেরা প্রায় ৩০ কেজি ব্যবহার করছেন।

দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার সরকারি দাবি ও মাঠপর্যায়ে সংকটের বাস্তব চিত্র নিয়ে কৃষকরা নানা ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন।কৃষি মন্ত্রণালয় ও প্রশাসনের দাবি অনুযায়ী দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে ফরিদপুর, কুড়িগ্রাম, জামালপুরসহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা সময়মতো ডিলার পয়েন্টে সার না পাওয়ার অভিযোগ করছেন। পেঁয়াজ চাষি শেখ আলমগীর বলেন, চাষের জিনিসপত্রের দাম বাড়লেও কৃষিপণ্যের বিক্রয়মূল্য সেভাবে বাড়ছে না।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহদুজ্জামান বলেন, চলতি খরিপ-২ মৌসুমে জেলায় ৫ হাজার ৮৮৫ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় এক লাখ টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কিন্তু মৌসুমের শুরুতেই উৎপাদন ব্যয়ের চাপ দুশ্চিন্তা বাড়িয়েছে বলে জানালেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার চাষী রইচ ইসলাম, শেখ আলমগীর সহ কয়েক জন।

সদর উপজেলার আদমপুর এলাকার পেঁয়াজচাষি কাশেম বিশ্বাস বলেন, সার, জ্বালানি ও শ্রমিকের খরচ প্রতিনিয়ত বাড়ছে। সময়মতো সার না পাওয়ায় বেশি দাম দিয়ে তা সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে বাড়তি খরচ কতটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে, তা বুঝতে পারছেন না।

মো. দুলাল ফকির বলেন, রোপণের মাত্র ৬০ দিনের মধ্যেই মুড়িকাটা পেঁয়াজ ঘরে তোলা যায়। বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে উদ্বিগ্ন তারা।

ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শীত মৌসুমের শুরুতে অন্যান্য অঞ্চলে পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম থাকায় আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের ওপর বাজারের একটি বড় অংশ নির্ভর করে। তাই উৎপাদন ব্যাহত হলে বাজারে সরবরাহ ও দামের ওপরও এর প্রভাব পড়তে পারে।

সার নিয়ে কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি রাসায়নিক সারের সংকট মোকাবিলায় কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট