মিথ্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ত্রাণের অর্থ বিতরণ নিয়ে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, বিএনপি নেতা, গোলাম সাকলায়েন, গোলাম মোর্তুজাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ৫আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলার রেজাউল করিম ওরফে করিম, সোয়াদ আলী, সজীব, আলামিন, নামের কথিত চার ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, সুদের কারবার, মাদকসেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের কর্মকাণ্ডে দুর্গাপুরে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, সরকারি খাদ্যগুদামে চাঁদার দাবিতে কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল ছিনতাই, মাছ চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও অভিযুক্তদের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি ত্রাণের অর্থ নিয়ে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে অভিযোগ ও প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
