আবাসিক হোটেলের মালিক ও ব্যবস্থাপকদের সাথে কমিশনারের মতবিনিময়
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল বিকেলে সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে হোটেল-মোটেল মালিক/ম্যানেজারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় উপস্থিত মালিক/ ম্যানেজারগণ জানান, তারা বর্তমানে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না এবং রাজশাহী মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট।
পুলিশ কমিশনার হোটেল-মোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের পরিচয়পত্র যাচাই ও তথ্য সংরক্ষণ, বিদেশি অতিথির তথ্য পুলিশকে অবহিতকরণ এবং অসামাজিক কার্যক্রম, জুয়া ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া হোটেলের কর্মচারীদের তথ্য সংরক্ষণ ও তাদের কার্যক্রম নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো: আল মামুন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম চলতি দায়িত্বে) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিনার (কাশিয়াডাঙ্গা) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
