নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় এজাহারনামীয় ও নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেফতারকৃতরা হলেন, রাজপাড়া থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১৯ নভেম্বর বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে এজাহারনামীয় ও নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো: জাবেদ আকতার (৫০) কে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তিনি লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

একই দিন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামক একটি দোকান থেকে নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মনিরুল ইসলাম মনা (৪০) কে গ্রেপ্তার করে। তিনি কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

এছাড়াও ডিবি পুলিশ রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: নুরুজ্জামান টুকু (৪৯) কে গ্রেপ্তার করে। তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মো: আলতাফ হোসেনের ছেলে।

অপরদিকে, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৭টায় পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩) কে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। তিনি নওহাটা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি, পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট