বাঘায় মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘায় মাইক্রোবাস-বাইসাইকেলের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনহাজ (১০) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনহাজ বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির পর নিজের বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল মিনহাজ। পথিমধ্যে বাড়ি থেকে কিছু দূরে ঈশ্বরদী থেকে রাজশাহী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে তার সাইকেলে ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চারঘাট বাজারে সাধারণ জনতা মাইক্রোবাসটিকে আটক করে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
