নগরীতে মাদকবিরোধী গম্ভীরায়  সচেতনতার বার্তা

স্টাফ রিপোর্টার,

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী সাংস্কৃতিক সংযোগ’ শীর্ষক সচেতনতামূলক গম্ভীরা পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। বুধবার ১১ নভেম্বর ২০২৬ বিকেল ৪ টায় রাজশাহী নগরীর মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’।সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপসের নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এ ছাড়া উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেসের সাধারণ সম্পাদক এস এম সাফিন মুর্শেদ।আয়োজকেরা জানান, প্রচলিত সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি লোকজ সংস্কৃতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি মাদকমুক্ত জীবন, সুস্থ পরিবার, সুন্দর সমাজ ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানটির যৌথ আয়োজক অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেস (ওডব্লিউএস) ও সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস)। গবেষণা ও পরিকল্পনায় ছিল মাদক প্রতিরোধ, পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণবিষয়ক ওডব্লিউএস ইনস্টিটিউট। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ।আয়োজকদের প্রত্যাশা, লোকজ সংস্কৃতিনির্ভর এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট