রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২০২ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২০২ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ২০৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ১৩ নভেম্বর (শুক্রবার ) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আজ শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জজুড়ে মোট ৫৯টি মামলা হয়েছে। এরমধ্যে ১টি দস্যুতা মামলা, ১টি নারী ও শিশু নির্যাতন মামলা এবং ৫৮টি অন্যান্য খাতের মামলা রয়েছে। তবে খুন, খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। এছাড়া ৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত ১৪৫টি অভিযানে এই সময়ে মোট ২০২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানা মূলে ৮৪ জন, সাজাপ্রাপ্ত ২১ জন, তদন্তাধীন মামলায় ৮৬ জন, প্রতিরোধমূলক অন্যান্য ১১ জন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ২০ জন রয়েছেন। অভিযানকালে ১৪৭ পিস ইয়াবা, ১১০ পিস ট্যাপেন্টাডল, ২১ গ্রাম গাঁজা, ১ কেজি ১১ গ্রাম গাঁজার গাছ, ১৫ লিটার চলাইমদ এবং ৯০ পিস অ্যাস্পল উদ্ধার করা হলেও কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। এদিকে গত ২৪ ঘণ্টায় সেবাগ্রহীতার সংখ্যা ছিল ৭৭০ জন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৭ জনে।
