নগরীতে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তিন ব্যক্তিকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
গত শুক্রবার(১৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, শাহমখদুম থানাধীন ভোগরাইল গ্রামের সিরাজুল আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮), বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের মো. মানিক খানের ছেলে মো. নিরব আহম্মেদ (২০) এবং রাজশাহী জেলার তানোর থানাধীন নোনাপুকুর গ্রামের মো. গুলবর আলীর ছেলে মো. শাকিরুর ইসলাম (২৮)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর আলম ও নিরব আহম্মেদকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং শাকিরুর ইসলামকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান এবং আইনানুগ কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
