ভারতে পাচারের অভিযোগ, চড়া দামে বিক্রি  নিষেধাজ্ঞা অমান্য করে বাঘার পদ্মায় ইলিশ শিকার

বাঘা প্রতিনিধি :

মা ইলিশ রক্ষায় সরকারের নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। তবে এই নিষেধাজ্ঞা ও প্রশাসনের নজরদারি উপেক্ষা করে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে থেমে নেই ইলিশ শিকার। সরকারিভাবে জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হলেও তা দিয়ে সংসার না চলায় অনেক জেলে ঝুঁকি নিয়ে নদীতে নামছেন। এমনকি এর একটি বড় অংশ সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৩০০ টাকা দরে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঘা উপজেলার আলাইপুর, চকরাজাপুর ও মীরগঞ্জ পয়েন্টে সুযোগ বুঝে জেলেরা নদীতে জাল ফেলছেন। বিশেষ করে আলাইপুর ও মীরগঞ্জ এলাকা ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় পদ্মায় ধরা পড়া ইলিশের একটি বড় অংশ মধ্যরাতে নদীর মাঝখানে হাতবদল হয়ে ভারতীয় জেলে ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দুর্বল অভিযানের সুযোগ নিয়েই জেলেরা রাতের আঁধারে নৌকা ও জাল নিয়ে নদীতে নামছেন। দিনের তুলনায় রাতেই এই তৎপরতা বেশি থাকে। উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে নৌ পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় মাত্র ৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ইলিশ ধরার জালের চেয়ে অভিযানে ‘চায়না দুয়ারি’ জাল বেশি জব্দ করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের নদী থেকে বিরত রাখতে সরকার প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল সহায়তা দিচ্ছে। উপজেলা মৎস্য দপ্তর জানায়, বাঘা পৌরসভাসহ গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার মোট ৭৮১ জন নিবন্ধিত জেলেকে এই চাল দেওয়া হয়েছে।

তবে সোমবার (২৬ অক্টোবর) মীরগঞ্জ ও আলাইপুর পদ্মার তীরবর্তী এলাকায় গিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিবন্ধিত জেলে বলেন, “সরকারি চাল পেয়েছি, কিন্তু তা দিয়ে সংসার চলে না বলেই বাধ্য হয়ে নদীতে নামতে হচ্ছে।” অন্যদিকে, তোয়াজ নামের আরেক নিবন্ধিত জেলের অভিযোগ, তিনি কোনো চাল পাননি। তার দাবি, মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে তাকে এই সহায়তা থেকে বঞ্চিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তে ইলিশের দাম বেশি পাওয়ার কারণে অনেকে ওপারে মাছ পাচার করে দিচ্ছেন। মীরগঞ্জ ঘাট দিয়ে রাতে ভারতে ইলিশ চলে যাওয়ার গুঞ্জন রয়েছে। তবে এবার তুলনামূলকভাবে ইলিশ কম ধরা পড়ছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মীরগঞ্জ এলাকার পদ্মায় জালে ধরা পড়ে ৬টি বাগাইড় মাছ, যার মোট ওজন ছিল ৬৩ কেজি। স্থানীয় ব্যাপারী নাসির উদ্দিন ৫৬ হাজার ৭৫০ টাকায় মাছগুলো কিনে শহরের বড় আড়তে বিক্রির জন্য নিয়ে যান। এ বিষয়ে বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক বলেন, “নিষেধাজ্ঞা কার্যকরে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। নৌ পুলিশ ও থানা পুলিশ আমাদের সহযোগিতা করছে। তবে অভিযানকালে কোনো জেলে বা ইলিশ আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় ইলিশ পাচারের বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “অবৈধভাবে যারা ইলিশ শিকার করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ভারতে ইলিশ পাচারের অভিযোগটি তদন্ত করে বিজিবি ও নৌ পুলিশের সমন্বয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট