রাজশাহীর বাজারে সাশ্রয়ী দামে মিলছে কাঁচা সবজি
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বিভিন্ন বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। বিশেষ করে ফুলকপি, আলু, পটল ও পেঁপের দাম ক্রেতাদের নাগালে থাকায় বাজারে স্বস্তি দেখা গেছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে বেড়েছে সবজির বৈচিত্র্যও।
গতকাল শুক্রবার সকাল ৯টায় সাহেব বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ২০/৩০ টাকা, আলু ২০ টাকা, পটল ১০/১২ টাকা এবং পেঁপে ৬/৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গোল বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, অন্যান্য জাতের বেগুন ৭০ টাকা এবং শিম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু পাওয়া যাচ্ছে প্রতি হালি ২৫/৩০ টাকায়।
ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজার থেকে আলু ১৪-১৬ টাকা, পেঁয়াজ ৩৬ টাকা এবং আদা ১৩০ টাকা কেজি দরে কিনে খুচরা বাজারে যথাক্রমে ২০, ৪০ ও ১৫০/১৬০ টাকায় বিক্রি করছেন তাঁরা। তবে দিনের ব্যবধানে কিছু সবজির দামে পরিবর্তন দেখা গেছে। বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, সকালে গোল বেগুন ৩০ টাকা কেজি থাকলেও পরে তা ৫০ টাকায় ওঠে। লম্বা বেগুনের দাম ৩০ থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। অন্যদিকে ফুলকপির দাম সকালে ৬০ টাকা থাকলেও পরে ৫০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান তাঁরা। সব মিলিয়ে ফুলকপি, আলু, পটল ও পেঁপের মতো সবজি তুলনামূলক কম দামে পাওয়ায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। বাজার সংশ্লিষ্টদের আশা, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও স্থিতিশীল হবে।
