দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়ীয়া দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্গাপুর থানার গৌরহর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে। র্যাব আরও জানায়, আবুল কালাম আজাদ একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আসামিকে মেডিকেল চেকআপ শেষে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
