শারীরিক অবস্থার উন্নতি কিছুটা সুস্থ ভূমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার
আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়ে কিছুটা সুস্থতা বোধ করছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, বর্ষিয়ান রাজনীতিবিদ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তশূন্যতা দেখা দিয়েছিল সেটি কেটে গেছে। এখন তিনি কিছুটা সুস্থতা বোধ করছেন এবং কথা বলছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শনিবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, ভূমিমন্ত্রী মহোদয় আগের চেয়ে কিছুটা সুস্থতা বোধ করছেন। রক্তশূন্যতার সমস্যাটা ঠিক হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলো শনিবার করা হবে। আশা করছি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
এদিকে, অসুস্থ ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
হাসপাতালে যান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, এমপি, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, আরডি-র চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা ভূমি মন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছেন।
