ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় রাজশাহীর প্রকৌশলীর দুই শিশু নিহত, আহত ৩
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা, মা ও দাদি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আকিব নামে এক প্রকৌশলী পরিবার সহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় বিপরীত মুখি পন্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আকিব, তার স্ত্রী এ্যামী, ৪ বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। হতাহতদের সকলের বাড়ি রাজশাহীর লক্ষীপুরে। দুই গাড়ীর চালক পলাতক তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
