ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত
ধামইরহাট সংবাদদাতা
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমন উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফারসিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। ইমন মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ইমন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের একমাত্র পুত্রের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে বেলঘরিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে ধামইরহাট থানার সেকেন্ড অফিসার এসআই আলামিন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
