সিলেট টেস্টের দিন শেষে বাংলাদেশের হতাশা

সকালের উজ্জ্বল শুরুটা মিলিয়ে গেল সময়ের সাথে সাথে। আমির জাঙ্গুর ব্যাটিং দৃঢ়তায় শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারলেন না বোলাররা। সিলেট টেস্টের প্রথম দিন শেষে তাই হতাশাই সঙ্গী বাংলাদেশের। আলোকস্বল্পতায় সিলেট টেস্টের প্রথম দিন খেলা হতে পেরেছে ৭০ ওভার। তা থেকে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান। বাংলাদেশের অর্জন ৪ উইকেট। ১৭১ বলে দুই ছয় ও ১১ চারে ১১১ রানে ব্যাট করছেন জাঙ্গু। ৬২ বলে তিন চারে ৩৫ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে ১১৯ বলে তারা গড়েছেন ৭৭ রানের জুটি। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে ৪২ ওভার বোলিং করেও উইকেটের দেখা পাননি। তেমন সম্ভাবনাও জাগাতে পারেননি তারা। ২৭ রানে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরের গল্পটা ব্যাটারদের। আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম গড়েন চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি। অভিষেক ইনিংসে ৬১ রান করেন উইকহ্যাম। তবে দিনটা জাঙ্গুর। ৭ টেস্টের ক্যারিয়ারে ১৪৯ বলে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন ২৯ বছর বয়সী এই কিপার ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (কিং ৯, দা সিলভা ১২, হজ ১, উইকহ্যাম ৬১,জাঙ্গু ১১১*, গ্রেভস ৩৫*; তাসকিন ১৪-০-৬১-২, হাসান ১৪-১-৫৮-২, মিরাজ ১৮-২-৪২-০, তাইজুল ১৬-১-৪৫-০, নাঈম ৮-১-২৭-০) সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট