সম্পাদকীয়

ফুটপাত দখলমুক্ত রাখতে হবে

রাজশাহীতে ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য নির্মিত হলেও দীর্ঘদিন ধরে এর বড় অংশ দখল হয়ে আছে। কোথাও হকারদের দোকান, কোথাও স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যসামগ্রী, কোথাও চায়ের দোকান কিংবা নানা ধরনের অস্থায়ী স্থাপনা ফুটপাতের ওপর জায়গা করে নিয়েছে। ফলে ফুটপাত থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে। এতে যানজট বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং নগরবাসীর দুর্ভোগও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক।  সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর যে চিত্র উঠে এসেছে, তাতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ফলে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে। আগে যেসব স্থানে দোকানপাট, টেবিল, বেঞ্চ ও পণ্যের স্তূপ পড়ে থাকত, সেসব জায়গার অনেকাংশ এখন উন্মুক্ত। কোথাও কোথাও গাছ লাগানোর ফলে পরিবেশের সৌন্দর্যও বেড়েছে। সিটি করপোরেশনের অভিযানেই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এবার অন্তত মুক্তি মিলবে। উচ্ছেদ অভিযান নিয়ে কারও কারও সমালোচনা থাকলেও সংশ্লিষ্ট এলাকার পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ফুটপাত দখলমুক্ত হলে শুধু হাঁটার জায়গাই বাড়ে না, নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যও বৃদ্ধি পায়। তাই এই উদ্যোগকে সাময়িক অভিযান হিসেবে না দেখে নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে। কারণ, ফুটপাত কোনো ব্যক্তি, দোকান কিংবা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি জনসাধারণের চলাচলের জায়গা। তবে উচ্ছেদ অভিযান চালানোর চেয়ে দখলমুক্ত ফুটপাত ধরে রাখা যে বেশি কঠিন, তা অতীত অভিজ্ঞতায় বারবার প্রমাণিত হয়েছে। একদিকে উচ্ছেদ, অন্যদিকে পুনর্দখল— এই ইঁদুর-বিড়াল খেলা বহুদিনের। অভিযান চলাকালে দোকান সরিয়ে দেওয়া হয়, কিছুদিন ফুটপাত পরিষ্কার থাকে, তারপর আবার আগের অবস্থায় ফিরে যায়। এতে প্রশাসনের অর্থ ও সময় ব্যয় হয়, অথচ নাগরিক দুর্ভোগের স্থায়ী অবসান ঘটে না। বর্তমানে একটি নির্বাচিত ও জনপ্রিয় সরকার ক্ষমতায় রয়েছে। জনগণের প্রত্যাশা, সরকার আইন ও বিধি অনুযায়ী নাগরিক অধিকার নিশ্চিত করবে এবং সিটি করপোরেশনের উদ্যোগকে কার্যকর পরিণতি দেবে। ফুটপাত দখলের পেছনে প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী কিংবা স্থানীয় অপরাধী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় হকারদের কাছ থেকে দোকান বসানোর বিনিময়ে এককালীন অর্থ ও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশে এমন কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে। ক্ষমতাসীন দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; মহানগর পুলিশ, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। কোথায় পুনর্দখল হচ্ছে, কারা দোকান বসাচ্ছে এবং কারা অর্থ আদায় করছে, তা নিয়মিত তদারকির মাধ্যমে চিহ্নিত করতে হবে। অনেক মানুষ জীবিকার তাগিদে ফুটপাতে পণ্য বিক্রি করেন। তাই উচ্ছেদের পাশাপাশি উপযুক্ত স্থানে পরিকল্পিত হকার মার্কেট, নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসার সুযোগ এবং পথচারীদের বাধাহীন চলাচলের ব্যবস্থা করা যেতে পারে। তবে বিকল্প জীবিকার ব্যবস্থা করার অর্থ এই নয় যে, জনসাধারণের চলাচলের জায়গা অবৈধভাবে দখল করার অধিকার কাউকে দেওয়া হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।  কোথাও ফুটপাতের ওপর দোকান বসেছে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য রাখা হয়েছে, আবার কোথাও গাড়ি পার্কিং কিংবা অন্য স্থাপনা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে। ফলে বিষয়টিকে বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পিত ব্যবস্থা ও নিয়মিত তদারকি। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলের জন্য বাধাহীন ফুটপাত অপরিহার্য। একজন হুইলচেয়ার ব্যবহারকারী কিংবা শিশুকে নিয়ে চলাচলকারী অভিভাবকের পক্ষে দখল হওয়া ফুটপাত এড়িয়ে মূল সড়কে হাঁটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফুটপাত বন্ধ থাকলে পথচারী সড়কে নেমে আসেন, আর হকারদের সামনে ক্রেতাদের ভিড় তৈরি হলে সড়কের ব্যবহারযোগ্য অংশও সংকুচিত হয়। এভাবে ফুটপাত দখলের সঙ্গে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। সিটি করপোরেশনকে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি প্রতিটি এলাকায় ফুটপাতের নির্ধারিত সীমানা চিহ্নিত করতে হবে। উচ্ছেদের পর নিয়মিত পরিদর্শন, পুনর্দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং নাগরিক অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ফুটপাতের ওপর দোকানের মালামাল, চেয়ার-টেবিল, নির্মাণসামগ্রী কিংবা অন্য কোনো স্থাপনা রেখে চলাচলে বাধা সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে শুধু হকারদের উচ্ছেদ করে অন্য দখলদারদের ছাড় দেওয়ার সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ যেন লোকদেখানো কর্মসূচিতে পরিণত না হয়। একবার উচ্ছেদ করে দায়িত্ব শেষ হয়েছে বলে মনে করার অবকাশ নেই। আজ যে ফুটপাত পরিষ্কার করা হলো, আগামীকালও সেটি পথচারীদের ব্যবহারের উপযোগী আছে কি না, তা নিশ্চিত করতে হবে। দেশের সব শহর-নগরের ফুটপাত দখলমুক্ত রাখা সরকারের দায়িত্ব। জনগণ পরিচ্ছন্ন, সুন্দর ও চলাচলবান্ধব নগরী চায়। সরকাকে সেই প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট