বার্সা-রিয়াল মহারণ আজ

নতুন প্রভাত ডেক্স:

ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে এল ক্লাসিকো। মৌসুমে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার কাম্প নউ’য়ে লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায়।

লিগ মৌসুমে এখনও হারেনি বার্সেলোনা। তাদের সামনে এই ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নয় পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ।

তবে এই মহারণের আগে হ্যান্সি ফ্লিকের দল কিছুটা ধাক্কা খেয়েছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসে উজ্জ্বল। বুধবার আরবি লাইপজিগকে বড় ব্যবধানে হারিয়ে হোসে মরিনহোর দল প্রথমবারের মতো একটি সুসংগঠিত ইউনিট হিসেবে নিজেদের প্রমাণ দিতে শুরু করেছে।

রিয়াল যদি এই ম্যাচে জয় পায়, তাহলে শুধু ছয় পয়েন্টের ব্যবধান কমে তিনে নেমে আসবে না, বরং গত সাত এল ক্লাসিকোর ছয়টিতে হারের হতাশা কাটিয়ে আত্মবিশ্বাসও ফিরে পাবে।

১৮তম এল ক্লাসিকোর অপেক্ষায় মরিনহো

৬৩ বছর বয়সী হোসে মরিনহো বার্সেলোনার বিপক্ষে ২৭টি ম্যাচ এবং রিয়ালের বেঞ্চে থেকে ১৭টি এল ক্লাসিকো পরিচালনা করেছেন।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ২০১০ সালে পেপ গুয়ার্দিওলার বার্সেলোনাকে টেক্কা দিতে মরিনহোকে দায়িত্ব দিয়েছিলেন। এবারও তার আশা, পর্তুগিজ কোচ আবারও লা লিগা শিরোপা বার্নাব্যুতে ফিরিয়ে আনবেন।

মরিনহোর প্রথম মেয়াদের এল ক্লাসিকোগুলো ছিল আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত অধ্যায়গুলোর একটি। তাই রবিবার ক্যাম্প ন্যুতে তার প্রতিটি পদক্ষেপে থাকবে অসংখ্য ক্যামেরার নজর।

প্রথম ১০ এল ক্লাসিকোতে মাত্র একবার জিতলেও শেষ পাঁচটিতে তিনি অপরাজিত ছিলেন। সেই সময়ে তিনটি জয়ও পেয়েছিলেন মরিনহো।

‘এখনই বার্সার সঙ্গে তুলনা করা অন্যায়’

ফ্লিকের অধীনে বার্সেলোনা টানা দুটি লা লিগা শিরোপা জিতেছে এবং এবারও শীর্ষে রয়েছে। বিপরীতে মরিনহো দায়িত্ব নিয়েছেন মাত্র কয়েক মাস আগে, যখন রিয়াল টানা দুই মৌসুম বড় কোনো ট্রফি জিততে পারেনি।

মরিনহো বলেন, “মানুষ আমাদের এমনভাবে দেখছে, যেন আমরা পুরোপুরি তৈরি একটি দল। কিন্তু ফুটবলে আসলে কোনো দলই কখনও সম্পূর্ণ হয় না।”

তিনি আরও বলেন, “আমরা মাত্র তিন মাস ধরে কাজ করছি। বিশ্বকাপের পর খেলোয়াড়দের ফিরে আসা ও আন্তর্জাতিক বিরতি বাদ দিলে আমরা প্রকৃতপক্ষে দেড়-দুই মাস একসঙ্গে কাজ করেছি। এটি একটি প্রকল্পের শুরু মাত্র।”

তার মতে, তুলনামূলকভাবে অনেক বেশি সময় ধরে গড়ে ওঠা বার্সেলোনার মতো দলের সঙ্গে বর্তমান রিয়ালকে তুলনা করা ন্যায্য নয়।

মরিনহোর প্রশংসায় ফ্লিক

এল ক্লাসিকোর আগে মরিনহোর ভূয়সী প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।

তিনি বলেন, “তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ের দল পরিচালনা করে ধারাবাহিক সাফল্য পাওয়া মানেই অসাধারণ মানের কোচ হওয়া। তিনি এটি প্রতিটি ক্লাবেই প্রমাণ করেছেন।”

ফ্লিক জানান, জার্মান জাতীয় দলের যেসব খেলোয়াড় মরিনহোর অধীনে খেলেছেন, তারা সবাই পর্তুগিজ কোচের প্রতি গভীর শ্রদ্ধার কথা বলেছেন।

পিএসজির কাছে হার থেকে শিক্ষা

মঙ্গলবার পিএসজির বিপক্ষে ৪-২ গোলের হারকে শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন ফ্লিক।

তিনি বলেন, “আমরা ম্যাচটি বিশ্লেষণ করেছি। অনেক কিছু ভালো করেছি, তবে কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে। আমাদের দল হিসেবে আরও বিকশিত হতে হবে।”

তার মতে, বিশ্বের অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি নিজেদের উন্নতির জন্য বড় সুযোগ।

এল ক্লাসিকো নিয়ে দুই কোচের অনুভূতি

হ্যান্সি ফ্লিক:

“এল ক্লাসিকো আলাদা। এটি আমাদের খেলার সবচেয়ে বড় ম্যাচ এবং সারা বিশ্ব এই ম্যাচ দেখে। এটি অবিশ্বাস্য। হ্যাঁ, পয়েন্টের হিসাবে মাত্র তিন পয়েন্টের ম্যাচ, কিন্তু এর গুরুত্ব তার চেয়ে অনেক বেশি।”

হোসে মরিনহো:

“আমরা ভালো ছন্দে আছি, ম্যাচ জিতছি, ভালো খেলছি, গোল করছি। কিন্তু এল ক্লাসিকোতে আগে কী করেছেন, সেটা কোনো প্রভাব ফেলে না। এল ক্লাসিকো অনন্য। সাধারণত পুরো ফুটবল বিশ্ব এই ম্যাচ দেখার জন্য থমকে যায়। আশা করি দারুণ একটি ম্যাচ হবে এবং জয় আমাদেরই হবে।”

এই মৌসুমে বার্সেলোনা

লা লিগায় ৯ ম্যাচে ৯ জয়। পয়েন্ট তালিকায় তারা শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানের দলের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে একমাত্র হার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে (৪-২)।

সম্ভাব্য একাদশ (বার্সেলোনা): জোয়ান গার্সিয়া, জাভি এসপার্ট, পাও কুবার্সি, জেরার্দ মার্টিন, জোয়াও ক্যানসেলো; মার্ক বার্নাল, পেদ্রি; লামিন ইয়ামাল, ফেরান তোরেস, অ্যান্থনি গর্ডন; রাফিনিয়া।

অনুপস্থিত: দানি ওলমো, জুল কুন্দে, এরিক গার্সিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রুনি বার্ঘজি।

এই মৌসুমে রিয়াল মাদ্রিদ

লা লিগায় তৃতীয় স্থানে। বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে। সাতটি লিগ ম্যাচে জয়। অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসের কাছে হার। চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৩ জয়।

সম্ভাব্য একাদশ (রিয়াল মাদ্রিদ): থিবো কোর্তোয়া; ফেদে ভালভার্দে, আন্তোনিও রুডিগার, ডিন হুইসেন, আলভারো কারেরাস; বের্নার্দো সিলভা, এদুয়ার্দো কামাভিঙ্গা; আর্দা গুলের, জুড বেলিংহ্যাম, ইয়ান দিয়োমান্দে, কিলিয়ান এমবাপে।

অনুপস্থিত: ভিনিসিয়ুস জুনিয়র (নিষেধাজ্ঞা), রাউল আসেনসিও ও রদ্রিগো (ইনজুরি)।

ম্যাচের পূর্বাভাস

অপ্টার সুপারকম্পিউটার বলছে এই ম্যাচে বার্সেলোনার জয়ের সম্ভাবনা ৫৪.৪ শতাংশ, ২৬.১ শতাংশ রিয়াল মাদ্রিদের। ড্র হওয়ার সম্ভাবনা ১৯.৫ শতাংশ।

এছাড়া মৌসুম শেষে বার্সেলোনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরা হয়েছে ৭৭.৯৩ শতাংশ, যেখানে রিয়ালকে দ্বিতীয় এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে তৃতীয় স্থানে থাকার সম্ভাবনা দেখানো হয়েছে।

সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট