বড়াইগ্রামে স্কুলের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচি, নেপথ্যে কী
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের চান্দাই উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের মদের বোতল হাতে নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি ছড়িয়ে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির কয়েকজন ছাত্র ও ছাত্রীকে এমন নাচানাচি করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায়, বিদ্যালয় মাঠে ৪০ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী মদের বোতল নিয়ে নাচানাচি ও আনন্দ-উল্লাস করছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী গানের সঙ্গে নাচানাচি করতে গিয়ে মদের বোতল হাতে অভিনয় করেছে। এ সময় ছাত্র-ছাত্রীদের অনেককে র্যাগডের মতো সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায়। তাতে তাদের নানা রকম বাক্য লিখতেও দেখা গেছে। তবে বোতলের ভেতরে মদসদৃশ তরল পদার্থ থাকলেও সেটা মদ কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তারা এসব মদের বোতল কোথা থেকে পেল, সে বিষয়েও কিছু জানা যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক বিষয়টি স্বীকার করে জানান, বৃহস্পতিবার তাদের নিয়মিত পাঠদানের শেষ দিনে বিকেল ৪টায় ছুটি দেওয়া হয়। বিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৬০ জন। এর মধ্যে ছাত্র ২১ জন ও ছাত্রী ৩৯ জন। তিনি আরো জানান, শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এ কাজ করেছে। ঘটনাটি তিনি পরে জানতে পেরেছেন। এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানায়, বোতলের ভেতরে মদ ছিল নাকি অন্য কিছু, এটা তারা জানে না। তারা কাউকে খেতেও দেখেনি। তবে প্রকাশ্যে স্কুল মাঠে এভাবে মদের বোতল নিয়ে নাচানাচি করাটা ভুল হয়েছে বলে স্বীকার করে তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানান, বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
