নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও আকাশ দুই বন্ধু। কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন শান্ত। স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। চাঁচকৈড়ের পাট ব্যবসায়ী মো. তারেক বলেন, ট্রাকটি আমার। তবে হেলপার চালাচ্ছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, হেলপার দিয়ে ট্রাক চালানোর কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
