নগর ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। গতকাল বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির (সহসভাপতি পদমর্যাদা) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত চিঠিতে এ ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। সাংগঠনিক শাস্তিপ্রাপ্তরা হলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্মআহবায়ক সাব্বির আহম্মেদ অন্তর এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাইনুদ্দিন রানা।
এর মধ্যে সাব্বির আহম্মেদ অন্তরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের উপস্থিতি হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো। মহানগর ছাত্রদলের বর্তমান যুগ্মআহবায়ক অন্তর এর আগে রাজশাহী নিউ. কলেজে শাখা ছাত্রদলের আহবায়ক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, কলেজের আহবায়কের পদে না থাকলেও অন্তর কলেজ ক্যাম্পাসে ব্যানার ও ফেস্টুন লাগিয়ে রেখেছেন। ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ বেশ কয়েকবার ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করলেও তিনি শোনেননি। এর মাধ্যমে তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এদিকে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাইনুদ্দিন রানার কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাইনুদ্দিন রানাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা রানা কলেজ শাখার শীর্ষ নেতাদের লাঞ্ছিত করেছেন। এর মাধ্যমে তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
