পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে চেক বিতরণ
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্রীড়া সামগ্রীসহ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থবছর) আওতায় এ সহায়তার আয়োজন করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে উপকারভোগীদের মাঝে মঞ্জুরীকৃত অনুদানের চেক এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি। বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাদক ও সামাজিক কুফল থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সাথে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
আরও উপস্থিত ছিলেন, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু,জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমান এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান এমপি উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরবর্তীতে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
