রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আয়োজিত অনুষ্ঠানটি রাজশাহী নগরীর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
রাজশাহী জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বৃক্ষ যেমন সারাজীবন মানুষকে শুধু দিয়েই যায়, তেমনি মায়েরাও সন্তানের বেড়ে ওঠা ও শিক্ষার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেন। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মায়েরা নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেন না।সরকারি নীতি
তিনি বলেন, শিক্ষিত ও উন্নত জাতি গঠনে মায়েদের প্রধান কারিগরের ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত ও সচেতন মায়ের কোনো বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়, সন্তানের কল্যাণ ও সঠিক বিকাশ নিশ্চিত করাই একজন মায়ের সবচেয়ে বড় শিক্ষা। জেলা প্রশাসক বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তিনির্ভর জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, বিশেষ করে মোবাইল ফোনে আসক্তি ও অতিরিক্ত স্ক্রিন টাইমের অপব্যবহার সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান একটি করে আমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
