কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি জানালেন রাজশাহীর উন্নয়নে বেগম খালেদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহীর যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তাতে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে। তিনি রাজশাহীকে অত্যন্ত ভালোবাসতেন। এজন্য তিনি রাজশাহী বার বার এসেছেন। এই রাজশাহীতে যা যা তার কাছে চাওয়া হয়েছে তাই তিনি দিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এই রাজশাহীর মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপির ঘাটি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচাইতে প্রিয় মাটি। এই মাটিতে আপনি এসেছেন স্যার। শুধু আমাদের দেশ নয়, সাউথ এশিয়ায় গ্রিন সিটি, ক্লিন সিটি এবং সেফটি সিকিউরিটি সিটি হয়েছে। এটা আমাদের নেত্রীর নির্দেশেই হয়েছে।

আমি জানি, আপনি রাজশাহীকে খুব ভালোবাসেন। আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশের মানুষ একটি নিউ লিডারশিপ পেয়েছেন। আপনি সততা ও দক্ষতার সাথে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন। কৃষিকে বাঁচিয়ে রাখতে রাজশাহীর পদ্মা ব্যারেজ নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, তা খুবই সময় উপযোগী। এ জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

মিজানুর রহমান মিনু আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংকট রয়েছে। এটিকে ১৩’শ থেকে ২৫০০ শয্যায় উন্নিত করার দাবি জানাচ্ছি। সেই সাথে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট