চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মাদকদ্রব্য জব্দ, আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশের সড়কে একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটিতে থাকা সাতটি প্লাস্টিকের বস্তা থেকে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কুফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা রিয়াদ হোসেন (২০) নামে একজনকে আটক করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান চালিয়ে নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫০০ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দ হওয়া ট্রাক, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা। আটক দুই আসামি এবং জব্দ করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
