অসময়ে গাছে ঝুলছে বৈচিত্র্যময় আম, সায়ান বিক্রিতেই আয় ৫ লাখ টাকা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
আমের মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। বাজার থেকে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি—এক এক করে বিদায় নিয়েছে। এখন শরতের আকাশে সাদা মেঘ ভাসছে। মাঠে ধান, ক্ষেতে নানা ফসল। অথচ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদে ঢুকলেই মনে হবে, আমের মৌসুম বুঝি এখনো শেষ হয়নি।সারি সারি গাছের পাতার ফাঁকে ঝুলছে থোকা থোকা আম। কোনো গাছে কাটিমন, কোনো গাছে কল্যাণভোগ। কোথাও আবার এমন কিছু আম, যার জাতের নামও এখনো নিশ্চিত করতে পারেননি বাগানের মালিক। অক্টোবর মাসেও গাছভরা আম দেখে পথচারীদের অনেকেই থমকে দাঁড়ান। কেউ জানতে চান, এখনো আম আছে? তবে এ আমের গল্প অন্য রকম। এই অসময়ের আমের পেছনে গল্প রবিউল ইসলাম রবি। প্রায় তিন দশক ধরে গাছ, চারা, সায়ান ও আমের জাত নিয়ে কাজ করে তিনি গড়ে তুলেছেন ১২ বিঘার এক বৈচিত্র্যময় আমবাগান। তার বাগানে শুধু প্রচলিত জাত নয়; রয়েছে অসময়ে ফলন দেওয়া, দেশের বাইরে থেকে আনা এবং পরীক্ষামূলকভাবে লাগানো নানা জাত।কাটিমন, ক্ষিরসাপাত, গৌড়মতি, ইলামতি, স্যান্ডি, চিয়াইমাই, রেড পালমার, কিং অব চাপাতি, হানিবিউ, বারি-৭, আম্রপালি, বারি-৪ ও কল্যাণভোগ এক বাগানে এত জাতের আমের সমাহারই বলে দেয়, রবির কাজ শুধু আম ফলানো নয়, আমের নতুন সম্ভাবনা খোঁজাও তার নেশা।আর সেই নেশা এখন পরিণত হয়েছে ব্যবসায়িক উদ্যোগে। ২০২৪ সালে কল্যাণভোগের সায়ান বিক্রি করে তার আয় হয়েছিল ৩৪ হাজার ৫০০ টাকা। ২০২৫ সালে তা বেড়ে প্রায় ২ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সায়ান বিক্রি থেকেই আয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা।তার স্বপ্ন দেশের মানুষ যেন শুধু আমের মৌসুমেই নয়, বছরের বিভিন্ন সময় কম দামে আম খেতে পারেন। আর সেই লক্ষ্যেই তিনি খুঁজছেন নতুন নতুন জাত। গল্পটা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। তখন তিনি ছিলেন ছাত্র। ১৯৯৭ সালে এসএসসি পাস করার পরই নার্সারি ব্যবসায় জড়িয়ে পড়েন। বয়স কম, পুঁজি কম, কিন্তু গাছের প্রতি আগ্রহ ছিল প্রবল।প্রথমে ছিল সাধারণ চারা উৎপাদন ও বিক্রি। এরপর বিভিন্ন জাতের আমগাছ নিয়ে আগ্রহ তৈরি হয়। কোন জাতের গাছ কেমন, কখন ফল দেয়, ফলের আকার ও স্বাদ কেমন—এসব জানতে শুরু করেন তিনি। ধীরে ধীরে একটি বিষয় তাকে বেশি ভাবায়। সঠিক জাতের গাছ না হলে কৃষক কাঙ্ক্ষিত ফলন ও লাভ পাবেন না। এই ভাবনা থেকেই মাদার গাছ তৈরির কাজ শুরু করেন রবি।তিনি ভালো জাতের গাছ নির্বাচন করে সেখান থেকে সায়ান সংগ্রহ করতেন। এরপর নতুন গাছে তা গ্রাফটিং করতেন। এভাবে নিজের হাতে তৈরি করেন বিভিন্ন জাতের গাছ। রবি বলেন, ‘১৯৯৭ সালে এসএসসি পাস করার পর ছাত্রজীবন থেকেই নার্সারির ব্যবসা শুরু করি। ধীরে ধীরে সঠিক আমের জাত নির্ণয়ের জন্য মাদার গাছ তৈরি করি। তখন থেকেই বাণিজ্যিক আমের বাগান করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করতে থাকি।’দেড় বিঘার সেই শুরু২০১৮ সালে তিনি সিদ্ধান্ত নেন, শুধু নার্সারি নয়— নিজেই বাণিজ্যিকভাবে আমবাগান করবেন। মাত্র দেড় বিঘা জমি লিজ নেন। সেখানে কল্যাণভোগ আমের সায়ান করেন। নিজের হাতে পরিচর্যা করেন গাছগুলো। এরপর একে একে অন্য জাতের সায়ানও গ্রাফটিং করতে থাকেন। সেই ছোট্ট বাগানই একসময় হয়ে ওঠে বড় স্বপ্নের ভিত্তি।একটি জাতের ফলন ভালো হলে সেটির সংখ্যা বাড়িয়েছেন। নতুন জাতের খবর পেলে সায়ান সংগ্রহ করেছেন। আবার কোনো জাত নিয়ে সন্দেহ থাকলে পরীক্ষামূলকভাবে কয়েকটি গাছ লাগিয়ে ফলনের অপেক্ষা করেন। এভাবেই ধীরে ধীরে বেড়েছে বাগানের আয়তন। আজ সেই বাগান ১২ বিঘা।বাগান যেন এক জীবন্ত পরীক্ষাগাররবির বাগানে ঢুকলে সবচেয়ে বেশি চোখে পড়ে বৈচিত্র্য। একই ধরনের গাছের সারি নয়, বরং বিভিন্ন জাতের গাছ পাশাপাশি। কোনো জাত দ্রুত ফল দেয়। কোনো জাত দেরিতে। কোনো জাতের আম বাজারে প্রচলিত। আবার কোনো জাত সম্পর্কে স্থানীয় কৃষকরা খুব কমই জানেন।রবি দেশ-বিদেশ থেকে বিভিন্ন জাতের সায়ান সংগ্রহ করে সেগুলো পরীক্ষামূলকভাবে নিজের বাগানে লাগান।তিনি বলেন, ‘দেশ-বিদেশ থেকে নতুন নতুন জাতের ভ্যারাইটি ও সায়ান নিয়ে এসে পরীক্ষামূলকভাবে কাজ করছি। কয়েকটি জাত নিয়ে এখনো কাজ চলছে।’ তার উদ্দেশ্য একটাই। কোন জাত চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়ায় ভালো করে, সেটি খুঁজে বের করা।অক্টোবরেও কাটিমন, কল্যাণভোগরবির বাগানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অসময়ের ফলন। সেপ্টেম্বর শেষে যখন জেলার অধিকাংশ আমবাগান ফাঁকা, তখন অক্টোবরেও তার বাগানের কিছু গাছে এখনো আম ঝুলছে। বিশেষ করে কাটিমন ও কল্যাণভোগসহ কয়েকটি জাতের গাছে রয়েছে ফল। এখানেই রবির দীর্ঘদিনের কাজের মূল উদ্দেশ্য।বাংলাদেশে আমের মৌসুম সাধারণত কয়েক মাসকে কেন্দ্র করে। এই সময় বাজারে আমের সরবরাহ অনেক বেশি থাকে। কিন্তু মৌসুম শেষ হলে সরবরাহ কমে যায়। রবি মনে করেন, অসময়ে ফলন দেওয়া জাতের চাষ বাড়ানো গেলে এ ঘাটতি কিছুটা পূরণ করা সম্ভব।সারা বছর আমের স্বপ্ন‘সারা বছর বাংলাদেশের মানুষ যেন কম টাকায় পুষ্টির চাহিদা পূরণ করতে পারে’ এই কথাটিই বারবার বলেন রবি। তার কাছে আম শুধু লাভজনক একটি ফল নয়। পুষ্টিরও একটি উৎস। তাই অসময়ের আমের উৎপাদন বাড়ানোর মাধ্যমে ভোক্তার হাতে দীর্ঘ সময় আম পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।রবি বলেন, ‘সেই লক্ষ্য নিয়েই অসময়ের আমের চাহিদা পূরণে মাঠপর্যায়ে বাগান সম্প্রসারণে কাজ করছি।’ তবে এই কাজ একা তার পক্ষে করা সম্ভব নয়। নতুন জাত কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে হলে আরও অনেক উদ্যোক্তা ও কৃষককে যুক্ত করতে হবে বলে মনে করেন তিনি। আর সেই জায়গায় সায়ান উৎপাদন তার জন্য গুরুত্বপূর্ণ।
