শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে  অটোরিকশাসহ গ্রেপ্তার ৩

শিবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশি অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চিহ্নিত ডাকাত গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হলেন জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের মো. বিদুর ছেলে ও ১৭টি ডাকাতি মামলার আসামি মো. রাসেল (২৭), শিবগঞ্জের আড়গাড়াহাট পলাশবাড়ী গ্রামের মো. কসিমুদ্দিনের ছেলে, ১৪টি ডাকাতি মামলার আসামি ও আন্তজেলা ডাকাত সর্দার কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনাদ্দী (৪৭) এবং দাড়িগাছা গ্রামের মো. বাদলের ছেলে ও ২টি মাদক মামলার আসামি মো. রুবেল (২২)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন খবরের ভিত্তিতে ডাকাতিপ্রবণ শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলা সড়কের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিনু বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিএনজিচালিত অটোরিকশা, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ওই তিন ডাকাত গ্রেপ্তার হয়।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট