জয়পুরহাটে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

জয়পুরহাট  প্রতিনিধি

জয়পুরহাটে আগামী ১৯থেকে ২১মে ৩দিনব্যাপী অনুষ্ঠিতব্য-’ভূমিসেবা মেলা’র আয়োজন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে- রোববার বিকালে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার এবং জেলা প্রশাসনের রাজস্ব শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহিদা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান,জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতনতা বৃদ্ধি করা এবং সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৯মে থেকে ২১মে সারাদেশের ন্যায় জয়পুরহাটে “ভূমি সেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হবে। ১৯মে সকাল ১০টায়  প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভার্চুয়ালি এ ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জয়পুরহাটে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩দিনের এ মেলা আয়োজন করে মোট ৮টি স্টল ও বুথের মাধ্যমে সর্বসাধারণকে সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান সহ প্রয়োজনীয় ভূমি সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, এ মেলা চলাকালে গণ শুনানি, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট