শিবগঞ্জে টাকা-স্বর্ণালংকার লুটের পর গণপিটুনিতে যুবক নিহত

শিবগঞ্জ প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরি করে পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপাল চন্দ্রের বাড়িতে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে প্রবেশ করে। তারা ঘরের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে সেলিম ফকিরকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গৃহকর্তার পুত্রবধূ পূর্ণিমা সাহা জানান, দুর্বৃত্তরা ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তার গায়ে থাকা গয়নাও নিয়ে যায়। পালানোর সময় এলাকাবাসী একজনকে ধরে ফেলেন। গৃহকর্তা গোপাল চন্দ্র দাবি করেন, সেলিম ফকির ও তার সহযোগীরা বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত সেলিম ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের নয়টি মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট