গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও নারীদের শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা করার লক্ষ্যে বাস্তবায়িত হয়ে থাকে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, মতিউর রহমান, গোলাম কিবরিয়া হাবিব, সামিউল ইসলাম শ্যামল, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে বেশ আনন্দ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত রাখার অনুরোধ জানান।
