নগরীতে মাদক বিরোধী অভিযানে আটক ৭
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া ও শাহমখদুম থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা, গাঁজা ও দেশীয় চোলাইমদ সহ ৭জনকে আটক করেছে। এসময় মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। গত শনিবার দিন ও রাতে এ অভিযান চালায় ডিবি পুলিশ।
আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে রুহুল আমিন ওরফে টগর (৪৯) ও তাঁর স্ত্রী মৃত জয়নাল আবেদীনের মেয়ে রিতা বেগম (৩৯), নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের হামীম হোসেনের ছেলে তাহামীম হোসেন ওরফে মীম (২৭), কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে বিপ্লব হোসেন (৩১), বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে ও আরমানের স্ত্রী শাহানাজ (৫০) একই থানা এলাকার নাদিমের মেয়ে ও সাদ্দামের স্ত্রী নাইমা (২৭) এবং শাহমখদুম থানার মহলদারপাড়া গ্রামের কুবাদ আলীর ছেলে ইসলাম (৫৬)।
নগর পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকা থেকে রুহুল আমিন ওরফে টগর, রিতা বেগম এবং তাহামীম হোসেন ওরফে মীমকে আটক করা হয়। একই একই রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকা থেকে বিপ্লব হোসেনকে আটক করা হয়। এর আগে গত ৩ জুলাই রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকা থেকে শাহানাজ ও নাইমাকে এবং একই রাত পৌনে ১১টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে ইসলামকে আটক করে পুলিশ। আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোট ২ গ্রাম হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা ও ২৫০ মিলিলিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ১শ ৬০ টাকা উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়ে পুলিশ।
