চারঘাট সীমান্তে পুশইনের চেষ্টা রুখতে পাহারায় বিজিবি-গ্রামবাসী
চারঘাট প্রতিনিধি
চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা রুখতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। স্থানীয় জেলেরা জানান, শনিবার (১২ জুন) রাত থেকে চারঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের উদ্দেশ্যে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি চর এলাকায় কয়েকশ মানুষকে জড়ো করে রাখে বিএসএফ। এমন খবর জানতে পেরে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী একজোট হয়ে পুশইনের এ প্রচেষ্টা প্রতিরোধ করেন। সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানান, বিজিবি সদস্যরা টহল ও নজরদারি জোরদার করেছেন। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পিরোজপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শনিবার রাত থেকে শুনছি, বিএসএফ কিছু মানুষকে বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে ভারতের কাগমারি চরে জড়ো করে রাখছে। বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় গ্রামবাসীও সারা রাত সীমান্ত পাহারা দেয়। তাদের এই দৃঢ় অবস্থান এবং রাতভর বিজিবির সতর্ক নজরদারির মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।
বিজিবির চারঘাট বিকল্প বিওপির কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষয়টি জানতে পেরে সতর্ক অবস্থান গ্রহণ করেছি। এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
