পুঠিয়ায় পেঁয়াজের দাম কম, স্বস্তিতে ক্রেতারা

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেঁয়াজের বাজারে ব্যাপক দরপতন হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, সংরক্ষণজনিত ক্ষতি এবং বাজারে অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে পেঁয়াজ চাষিরা এবার বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। তবে দাম কম হওয়ায় ক্রেতারা স্বস্তি পেয়েছেন।

কৃষকরা জানান, অন্যান্য বছর এই সময়ে প্রতি মণ পেঁয়াজের দাম ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে থাকলেও বর্তমানে জাতভেদে মাত্র ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। গত বছরের তুলনায় প্রতি মণে দাম কমেছে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা।

চাষিরা জানান, দীর্ঘদিন সংরক্ষণের ফলে পেঁয়াজ শুকিয়ে ওজনে কমে যাচ্ছে, অনেক পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। এর পাশাপাশি বাজারে ওজন নিয়ে কারচুপির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।

বানেশ্বর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা এক কৃষক আব্দুল মমিন বলেন, “এক মণ পেঁয়াজ বিক্রি করে এখন মাত্র এক কেজি গরুর মাংস কেনা যায়। পরিবারের জন্য সবজি বাজার করতে গেলেও আরও এক মণ পেঁয়াজ বিক্রি করতে হয়। গত ২০ বছরের মধ্যে এই প্রথম এত কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, গত ১৮ থেকে ২০ বছরের মধ্যে এ সময়ে পেঁয়াজের এত কম দাম আর দেখা যায়নি। বাজারমূল্য উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, ফলে বর্তমান পরিস্থিতিতে তাদের আর্থিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

খায়রুল ইসলাম নামের এক বেপারি বলেন, অন্য বারের চেয়ে এবার এই সময়ে পেয়াঁজের আমদানি বেশি। এই বছর প্রচুর পরিমান পেঁয়াজ উৎপাদন হয়েছে।  পেঁয়াজ কৃষকরা ঘরে রাখতে পারছে না পচে নষ্ট হচ্ছে। যার পেঁয়াজ বিক্রি করার কথা ২ মণ সে বিক্রি করছে ৫ মণ যার কারণে আমদানি বেশি দাম কম। মোকামে আমরা বেশি দামে বিক্রি করতে না পারলে বেশি দামে তো কিনতে পারবো না।

কৃষকরা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছে পাশাপাশি   সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।  এ ব্যাপারে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার বলেন, পেঁয়াজ বাজারে জোগান বেশি তাই দাম কম। অনেকের পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে তাই তারা দ্রুত বেশি বেশি করে পেঁয়াজ বিক্রি করছে। বেশি আমদানির কারণে এমন দরপতন তবে কিছুদিন পরে দাম বাড়বে বলে তিনি আশা করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট