বাগমারায় ইয়াবাসহ আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য দম্পতি আটক

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় মাদক ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাগমারার মির্জাপুর গ্রামের ওসির আলী মোল্লার ছেলে ও আওয়ামী লীগ নেতা আবেদ আলী (৫৫) এবং তার স্ত্রী মাসুরা নাসরিন। মাসুরা আবেদ আলীর তৃতীয় স্ত্রী। আবেদ আলী গোয়ালকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

বাগমারা পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আবেদ আলী ও তার স্ত্রী দীর্ঘদিন থেকে মাদক কেনাবেচার সাথে যুক্ত। বাগমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় দারা স্বামী-স্ত্রী ইয়াবা সেবনরত অবস্থায় ছিলেন। এছাড়াও তাদের বসতবাড়ি তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পরিবারের সদস্যের কারণে এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম বিস্তার লাভ করছিল। স্থানীয়দের দাবি, তাদের কারণে যুবসমাজ ক্ষতির দিকে ধাবিত হচ্ছিল। অভিযুক্ত আবেদ আলীর পরিবারের আরো সদস্য মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, ইয়াবা বিক্রির অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট