|

বাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে রাতে অভিযান

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটা ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে এবার রাতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন দুইটি পৃথক অভিযানে নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এবং গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এলাকায় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অভিযান চালানো হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অনুমতিবিহীনভাবে পুকুর খননে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

অপরদিকে, গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় পরিচালিত অভিযানে একই ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসন জানায়, এর আগেও ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধ পুকুর খননের ফলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। জমির উর্বর টপসয়েল কেটে নেওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং জমির স্বাভাবিক কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া খননকৃত পুকুরের কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা আশপাশের জমিতে দীর্ঘস্থায়ী জলাজট তৈরি করছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খনন ও টপসয়েল কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এখন থেকে রাতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts